ফেনীর জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ফেনীর জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাত ৩টার রাতে মুক্তবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আজ রোববার সকালে ‘জুলাই যোদ্ধারা’ ও পুলিশ সুপার হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ জানায়, গতকাল গভীররাত আনুমানিক সাড়ে ৩টার দিকে হেলমেট পরিহিত একদল দুর্বৃত্ত এসে থানা সংলগ্ন এলাকার মুক্তবাজারে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়ে সটকে পড়ে। ধারণা করা হচ্ছে, পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আজ সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।

পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা জানার সাথে সাথে পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে কারা কারা আগুন দেওয়ার কাজে যুক্ত ছিল তাদের শনাক্ত করা হয়েছে। শিগ্‌গিরই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।