রাঙামাটিতে শুক্রবারের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

পার্বত্য জেলা পরিষদের প্রাথমিকের সহকারী শিক্ষক পদে আগামীকাল শুক্রবারের (২১ নভেম্বর) নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার।

এ ঘোষণার সময় রাঙামাটিতে কোটা ‘বৈষম্যের’ অভিযোগ এনে কোটাবিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকবৃন্দ’র ব্যানারে পুনর্বাসিত বাঙালিদের ডাকা বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার (২০ ও ২১ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টার হরতাল চলছিল।

প্রসঙ্গত, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে সরকারের ২৫টি স্থানীয় দপ্তর এবং ৩০টি কার্য পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে পরিচালিত হয়। তারমধ্যে প্রাথমিক শিক্ষা বিভাগও রয়েছে। আগামীকাল শুক্রবার প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। যেখানে অংশ নেবে প্রায় ৭ হাজার নিয়োগ পরীক্ষার্থী।