চাঁদপুর সদর উপজেলার মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে মেঘনা নদী থেকে নিষিদ্ধ কারেন্টজালসহ বিভিন্ন ধরণের জাল জব্দ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে জব্দকৃত জাল কোস্টগার্ডের চাঁদপুর স্টেশনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। বিকেলে এই তথ্য নিশ্চিত করেন সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, মৎস্য বিভাগ ও কোস্টগার্ড সদর উপজেলার লালপুর, রাজরাজেশ্বর ও হরিণা এলাকায় মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে। এ সময় সরকার কর্তৃক নিষিদ্ধ ১০ হাজার মিটার কারেন্টজাল, ১০টি মশারি জাল, ৪টি বেহুন্দি জাল ও দুটি চরঘেরা জাল জব্দ করা হয়।
চাঁদপুর জেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, দুপুরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন (চিরুনি অভিযান) জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে অব্যাহত থাকবে।