খাগড়াছড়িতে সোনালী ব্যাংকে চুরি, তালা ভেঙে নগদ অর্থ ও ল্যাপটপ লোপাট

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় সোনালী ব্যাংকের একটি শাখায় চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে সংঘটিত এ ঘটনা বুধবার (৭ জানুয়ারি) সকালে আনুমানিক ৭টার দিকে নজরে আসে। কর্তব্যরত নিরাপত্তাকর্মী অপূর্ব চাকমা ব্যাংক চত্বরে তালা ভাঙা দেখতে পেয়ে বিষয়টি টের পান।

সোনালী ব্যাংক মাটিরাঙ্গা শাখার ব্যবস্থাপক মো. হাবিবুজ্জামান জানান, দুর্বৃত্তরা গেট ও মূল দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে একটি ড্রয়ার ভেঙে নগদ ১ হাজার ৪৪০ টাকা এবং একটি ল্যাপটপ নিয়ে যায়। চুরির আগে সিসিটিভি ক্যামেরার সংযোগ তার কেটে দেওয়া হয়। তবে তারা ব্যাংকের মূল ভল্ট ভাঙতে ব্যর্থ হওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতি হয়নি।

খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। 

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, এ ঘটনায় এখনও মামলা হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।