চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আওয়ামীপন্থী শিক্ষক ও সাবেক সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান শুভকে আটক করেছেন চাকসু নেতারা। শনিবার ভর্তি পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে তাকে আটক করা হয়।
ভর্তি পরীক্ষার দায়িত্ব পালনের জন্য এদিন তিনি ক্যাম্পাসে আসেন। তার উপস্থিতির খবর পেয়ে চাকসু নেতারা তাকে আটক করতে আইন অনুষদে যান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিষয়টি বুঝতে পেরে তিনি আইন বিভাগের সামনের পথ ব্যবহার না করে পেছনের একটি রাস্তা দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। তবে পালানোর সময় চাকসু নেতারা তাকে ধরে ফেলেন। ওই সময় তাকে টানাহেঁচড়া করার ঘটনাও ভিডিওতে দেখা গেছে। পরে তাকে প্রক্টর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন, ‘শিক্ষক হাসান মুহাম্মদ রোমান শুভর বিরুদ্ধে অভিযোগ যাচাই-বাছাই করা হচ্ছে। তার বিরুদ্ধে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে তিনটি পৃথক তদন্ত চলমান রয়েছে। এসব তদন্ত চলমান থাকা সত্ত্বেও প্রশাসনের চিঠির ভিত্তিতে তিনি ভর্তি পরীক্ষার দায়িত্বে ক্যাম্পাসে উপস্থিত হন।’