খাগড়াছড়ির মানিকছড়িতে জিপগাড়ি উল্টে মো. হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বাটনাতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বাঞ্চারামপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হোসেন বাঞ্চারামপাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে এবং ওই গাড়ির চালাক।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে হোসেন গাছ বোঝাই জিপগাড়ি নিয়ে বাঞ্চারামপাড়া-তুলাবিল সড়কে মানিকছড়ি দিকে যাচ্ছিলেন। পথে বাঞ্চারামপাড়া এলাকায় একটি ঢালু সড়ক নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। এতে গুরুতর আহত হন চালক হোসেন। পরে তাঁকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।