ভোট চুরি ঠেকাতে কর্মী-সমর্থকদের সতর্ক করে দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আমিনপাড়া এলাকায় প্রচারণা চালানোর সময় ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
রুমিন ফারহানা বলেন, ‘আমার একটা হাঁসও যেন শেয়াল চুরি না করে। গুণে গুণে হাঁস আপনারা খোঁয়াড়ে তুলবেন। ১৫ বছর হাল চাষ করলাম, বীজ দিলাম, ধান লাগালাম। ফসল কাটার সময় যদি মরুভূমি আসে কেমনটা লাগে? ঠিক আছে আমার হাঁস, আমার চাষ করা ধানই খাবে।’
বিএনপির সাবেক এই নেতা এবার ‘হাঁস’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। দলীয় নির্দেশ অমান্য করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এই আসনে রুমিনের প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব। তিনি ‘খেজুর গাছ’ প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
রুমিন ফারহানা বলেন, ‘মা-বোনেরা জানেন হাঁস সমৃদ্ধির প্রতীক। আমি আপনাদের সকলের প্রার্থী। আমাকে জিতিয়ে আনার দায়িত্ব আপনাদের। আপনারা একটা দিন আমার সাথে থাকেন, আমি আগামী পাঁচটা বছর আপনাদের সুখ-দুঃখে সাথে থাকব।’