লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের ডাকা পৃথক নির্বাচনী গণমিছিলে অংশ নিতে এসে আবদুস শহীদ (৪৮) ও ওবায়দুল হক (৫০) নামে দুই কর্মীর মৃত্যু হয়েছে। এর মধ্যে আবদুস শহীদ জামায়াতের কর্মী এবং ওবায়দুল হক বিএনপির কর্মী বলে জানা গেছে।
সোমবার সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরুপ পাল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।
নিহত জামায়াত কর্মী আবদুস শহীদ লক্ষ্মীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর বাঞ্ছানগর এলাকার বাসিন্দা। অপরদিকে বিএনপি কর্মী ওবায়দুল হক একই এলাকার আব্দুল মুনাফের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার বিকেলে জেলা শহরে লক্ষ্মীপুর-৩ আসনের জামায়াত প্রার্থী রেজাউল করিমের গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নিতে আসার পথে জামায়াত কর্মী আবদুস শহীদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে সন্ধ্যায় একই আসনের বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নেতৃত্বে আরেকটি গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিল চলাকালে বিএনপি কর্মী ওবায়দুল হক অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আরএমও ডা. অরুপ পাল বলেন, ‘আলাদা দুটি ঘটনায় দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তারা মারা গেছেন।’
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, ‘দুইজনের মৃত্যুর বিষয়টি শুনেছি। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে।’