কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত ৫ 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির জিংলাতলি এলাকায় বাস ও অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে অন্তত ৫ জন।

রোববার বিকেল আনুমানিক সাড়ে ৩টায় এ দুর্ঘটনা হয় বলে জানিয়েছেন দাউদকান্দি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার।

দুর্ঘটনায় নিহতরা হলো– দাউদকান্দির বাহাদুর খোলা এলাকার হারুন মিয়ার ছেলে অটোরিকশা চালক ফারুক এবং চুয়াডাঙ্গা জেলার বোয়ালিয়া থানার আবদুর রাজ্জাকের ছেলে মিজানুর রহমান।

নিহত ও আহতদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, ‘ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী ইকোনো বাস ঢাকা মেট্রো ব-১৪-৬২০৩ নিয়ন্ত্রণ হারিয়ে দাউদকান্দির জিংলাতলি এলাকায় একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায় এবং অটোররিকশাটি মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোচালক ফারুক ও বাসের যাত্রী মিজানুর রহমান নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরও অন্তত ১০ জনকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।’

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ‘দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। গুরুতর আহত ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তাদের শরীরের একাধিক জায়গায় হাড় ভেঙে গেছে।’