মীর হেলালকে পার্বত্য মন্ত্রণালয় থেকে সরানোর দাবি

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে মীর মোহাম্মদ হেলাল উদ্দীনকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগের প্রতিবাদ জানিয়েছেন পাহাড়ের ৩৫ জন বিশিষ্ট নাগরিক। বুধবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এ নিয়োগকে ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তির পরিপন্থী’ আখ্যা দিয়ে তাকে অন্য মন্ত্রণালয়ে সরিয়ে নেওয়ার দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম চুক্তির (ঘ) খণ্ডের ১৯ ধারায় এ মন্ত্রণালয়ে উপজাতীয়দের মধ্য থেকে মন্ত্রী নিয়োগের বিধান রয়েছে। রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ানকে পূর্ণমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ায় সরকারকে সাধুবাদ জানালেও, চট্টগ্রামের হাটহাজারী থেকে নির্বাচিত অ-পাহাড়ী মীর হেলালকে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তারা।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, পার্বত্য অঞ্চলের শাসন ও সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করাই এ মন্ত্রণালয়ের মূল লক্ষ্য। সেখানে অ-পাহাড়ি কাউকে নিয়োগ দেওয়া চুক্তির পরিপন্থী এবং বিএনপির ঘোষিত ‘রেইনবো নেশন’ বা সম্প্রীতিমূলক রাষ্ট্রধারণার সঙ্গে সাংঘর্ষিক।

বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক ইন্টুমনি তালুকদার, প্রকৃতি রঞ্জন চাকমা, বিজয় কেতন চাকমা ও ডা. মং উষা থোয়াই মার্মাসহ ৩৫ জন বিশিষ্ট নাগরিক। তারা নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে মীর হেলালকে অবিলম্বে অন্য মন্ত্রণালয়ে পদায়ন এবং এ মন্ত্রণালয়ের জনবল নিয়োগে পাহাড়িদের অগ্রাধিকার নিশ্চিত করার দাবি জানান।