কক্সবাজারের কলাতলীতে নবনির্মিত একটি গ্যাস পাম্পে বিস্ফোরণের পর আগুনে ১৬ জন দগ্ধ হয়েছে। তাদের মধ্যে ৭ জনকে চট্টগ্রাম ও ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে।
বুধবার রাত ১০টার দিকে এন আলম ফিলিং স্টেশনটিতে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে ফিলিং স্টেশনটি ছাড়াও আশেপাশের অন্তত ১০টি বসতবাড়ি ও ২০টি গাড়ি পুড়েছে। বুধবার দিনগত রাত পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাম্পটি থেকে গ্যাস ছড়িয়ে পড়তে শুরু করে। প্রায় তিন ঘণ্টা ধরে গ্যাস বাতাসে মিশে আশপাশের প্রায় এক কিলোমিটার এলাকায় ছড়িয়ে যায়। ফায়ার সার্ভিস এসে মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার পাশাপাশি গ্যাস লিকেজ বন্ধের চেষ্টা করে।
তবে রাত ১০টার দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। ছড়িয়ে পড়তে থাকে আশেপাশের এলাকাতেও। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করে সেনাবাহিনী ও নৌবাহিনী।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও ডিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ জানান, বুধবার রাত পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ফিলিং স্টেশনটি ছাড়াও আশেপাশের অন্তত ১০টি বসতবাড়ি ও ২০টি গাড়ি পুড়ে যায়।