চাঁদপুরে বিয়ে বাড়িতে কিশোর গ্যাংয়ের চাঁদা দাবি ও হামলার ঘটনায় মামলা

চাঁদপুরের মতলব উত্তরের বাগানবাড়ি ইউনিয়নের রায়েরকান্দি গ্রামের নমপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের এক বিয়ের অনুষ্ঠানে কিশোর গ্যাংয়ের চাঁদা দাবি ও হামলার ঘটনায় মামলা দায়ের করেছে পরিবারটি।

শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) প্রদীপ মন্ডল।

ওসি জানান, চাঁদা দাবি, হামলা ও লুটপাট ভাঙচুরের অভিযোগ এনে বরের বাবা বাবু লাল বিশ্বাস মামলা দায়ের করেছেন। মামলায় ১৩ জনকে আসামি করা হয়। তাদের সবার বয়স ২০-২২ বছরের নিচে। আসামিরা সবাই রায়েরকান্দি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

গত বৃহস্পতিবার রাতে বাবু লাল বিশ্বাসের ছেলে শম্ভুনাথ বিশ্বাসের গায়ে হলুদে কিশোর গ্যাংয়ের সদস্যরা গিয়ে চাঁদাদাবী ও হামলা করে। এ সময় একই পরিবারের ৫ জন আহত হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়।