চট্টগ্রামে নির্মাণাধীন ভবনের মাচা ভেঙে ২ নির্মাণ শ্রমিক নিহত

চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় মাচা ভেঙে নীচে পড়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। রোববার দুপুরে উপজেলার বটতলী ইউনিয়নের গুন্ধীপপাড়া এলাকায় এ দুর্ঘটনা হয়।

নিহত শ্রমিকরা হলো- সিয়াম ও আনিস। তাদের বয়স ১৯ থেকে ২৫ বছরের মধ্যে। এর মধ্যে সিয়ামের বাড়ি কুষ্টিয়া জেলায় ও আনিসের বাড়ি রাজশাহী জেলায় বলে জানা গেছে।

পুলিশ জানায়, আজ সকালে ছয়জন শ্রমিক মিলে নির্মাণাধীন ছয়তলা ভবনের বাইরের অংশে কাজের একপর্যায়ে মাচা ভেঙে নিচে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।’