কুমিল্লায় ৫০০ শয্যা বিশিষ্ট আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার সকালে কুমিল্লা সেনানিবাসের নিজস্ব জায়গায় এই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেনা প্রধান।
এসময় কুমিল্লা আর্মি মেডিকেল কলেজের নবনির্মিত স্থায়ী ক্যাম্পাসেরও উদ্বোধন করেন তিনি।
দেশের চিকিৎসা সেবার মানোন্নয়ন ও চিকিৎসা খাতের সামগ্রিক উন্নয়নে কুমিল্লার আর্মি মেডিকেল কলেজ এবং নির্মাণাধীন আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান।
উল্লেখ্য, ২০১৫ সালের ১১ জানুয়ারি থেকে কুমিল্লা সেনানিবাসের নিজস্ব জায়গায় কুমিল্লা এরিয়া সদর দপ্তর কর্তৃক প্রদত্ত ৫ একর জমির উপর আর্মি মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
আজ সেনাবাহিনী প্রধান কর্তৃক শুভ উদ্বোধনের মাধ্যমে কুমিল্লা সেনানিবাসের সন্নিকটে ৭ দশমিক শূন্য সাত একর জমির উপর নিজস্ব অর্থায়নে নির্মিত কলেজের স্থায়ী ক্যাম্পাসের যাত্রা শুরু হলো। বর্তমানে এ কলেজে ২৫০ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ৬টি ব্যাচে মোট ২৮৩ জন শিক্ষার্থী চিকিৎসক হিসেবে উত্তীর্ণ হয়ে দেশে ও বিদেশে কর্মরত রয়েছেন।
এছাড়াও আগামী শিক্ষাবর্ষ থেকে কলেজটির স্থায়ী ক্যাম্পাসে বিদেশি শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে, যার ফলে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিধি আন্তর্জাতিক অঙ্গনে আরও সম্প্রসারিত হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল; ডাইরেক্টর জেনারেল অব মেডিকেল সার্ভিসেস; ইঞ্জিনিয়ার ইন চীফ; এ্যাডজুটেন্ট জেনারেল; জেনারেল অফিসার কমান্ডিং, ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া; সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ; মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত ব্যক্তিবর্গ ও অধ্যয়নরত শিক্ষার্থীগণ; এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।