কক্সবাজার শহরের কবিতা চত্বরে ছুরিকাঘাতে জুলাই যোদ্ধা খোরশেদ আলম নিহত হয়েছেন। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তাকে ছুরিকাঘাত করা হয়।
এ ঘটনায় খোরশেদের সঙ্গে থাকা নারী সমন্বয়ক তারিনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১০টার দিকে কবিতা চত্বর এলাকায় অবস্থানকালে অজ্ঞাত দুষ্কৃতিরা খোরশেদ আলমের ওপর হামলা চালায়। এ সময় তাকে লক্ষ্য করে ছুরি দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে তার বন্ধু শাহ্ আলম ও সহপাঠীরা দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে খোরশেদের পেট ও পায়ে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
নিহত খোরশেদ আলম কক্সবাজাপৌরসভার পাহাড়তলী এলাকার বাসিন্দা। তিনি কক্সবাজার শহরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
এদিকে, হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কক্সবাজার শহরে উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে হাসপাতালের সামনে ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ভিড় করে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে। প্রত্যক্ষদর্শী ও তার ঘনিষ্ঠজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের সঙ্গে থাকা এক নারীকে পুলিশ হেফাজতে রয়েছে।’