কুমিল্লার আদর্শ সদর উপজেলার বালুতুপায় অবৈধভাবে মজুত ও অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে অকটেন সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২১৫ লিটার জ্বালানি জব্দ করা হয়েছে। এ সময় জড়িতদের কাছ থেকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
রোববার মধ্যরাতে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বালুতুপা এলাকায় মজুতদারদের প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাশিয়াত আকতারের নেতৃত্বে পরিচালিত অভিযানে লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান মেসার্স শফিক এন্টারপ্রাইজের গুদামে লুকিয়ে রাখা ২১৫ লিটার অবৈধ অকটেন উদ্ধার করা হয়।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাশিয়াত আকতার জানান, অভিযানে অবৈধভাবে জ্বালানি মজুত, অতিরিক্ত মূল্যে বিক্রি এবং অবৈধ ক্রয়-বিক্রির সিন্ডিকেটে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারায় মেসার্স শফিক এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ জরিমানা তাৎক্ষণিকভাবে আদায়ও করা হয়। এছাড়া অবৈধ জ্বালানি সরবরাহের সঙ্গে জড়িত মো. শরিফুল ইসলামকে ৫০ হাজার টাকা এবং মো. রাসেলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাশিয়াত আকতার জানান, বিশেষ গোয়েন্দা বাহিনীর তথ্যের ভিত্তিতে হাতেনাতে এই মজুত আটক করা হয়। তদন্তে দেখা গেছে সদর দক্ষিণ উপজেলার একটি ফিলিং স্টেশনের এক ট্রাক চালকসহ বেশ কয়েজনের এই সিন্ডিকেট অবৈধভাবে এই মজুদ অকটেন বিক্রি করে আসছিল। জব্দকৃত অকটেন নিলামে তুলে সরকারি দামে ফিলিং স্টেশনে বিক্রি এবং সঙ্গে সঙ্গে সরকারি দামে আবার ভোক্তা পর্যায়ে বিক্রি করে দেওয়া হয়। জব্দকৃত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।