চট্টগ্রামের আগ্রাবাদ এক্সেস রোড় এলাকায় ওয়াসার স্যুয়ারেজ পাইপ লাইন বসানোর সময় মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তাঁদের অবস্থা এখনও আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে পাইপ লাইন বসানোর সময় সরু গর্তে চারজন মাটিচাপা পড়ে। গর্তের পাশে নিরাপত্তা বেষ্টনি না থাকায় মাটি ধসে পড়ে বলে ধারণা করা হচ্ছে। পরে তাঁদের মাটির নীচ থেকে বের করে আনা হয়। প্রথমে আগ্রাবাদ মা ও শিশু জেনারেল হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ আশিকুর রহমান জানান, ঘটনাস্থল থেকে মোট চার শ্রমিককে ভোর পৌনে ৫টার দিকে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে রাকিব এবং তুষার নামে দুইজনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। এই ঘটনায় আহত অপর দুই শ্রমিক সাগর এবং এরশাদ ক্যাজুয়েল্টি বিভাগে চিকিৎসাধীন।