চাঁদপুরে ডাকতিয়া নদীতে নিখোঁজের একদিন পর মুফতি মো. শামছুদ্দিনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর নৌ ফায়ার স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম।
শনিবার চাঁদপুর শহরের উত্তর গুনরাজদী আল-আমিন এতিমখানার তত্ত্বাবধায়ক ও মসজিদের ইমাম মুফতি মো. শামছুদ্দিন (৩৪) ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন।
শামছুদ্দিন শাহরাস্তি উপজেলার ওয়ারুক আলীপুর গ্রামের দোয়া বাড়ির বাসিন্দা।
এতিমখানার বাবুর্চি মো. ইলিয়াছ জানান, নদীর পাড়ে জুতা, সাবান, লুঙ্গি, গামছা ও গেঞ্জি পড়ে আছে। এতিমখানার ছাত্রদের নিয়েও তাকে খুঁজে পাওয়া যায়নি।
চাঁদপুর নৌ ফায়ার স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম জানান, নৌ ফায়ার সার্ভিস চাঁদপুর স্টেশনের ডুবুরি দল এসে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত নদীতে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। পরে রোববার সকাল থেকে পুনরায় উদ্ধার কার্যক্রম শুরু করলে দুপুরে শামছুদ্দিনের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।