মাথায় গুলি নিয়ে মারা গেল চট্টগ্রামের শিশু রেশমি

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তদের গোলাগুলির ঘটনায় আহত ১১ বছরের শিশু রেশমি আক্তার মারা গেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক তসলিম উদ্দিন।

এই চিকিৎসক জানান, লাইফ সাপোর্টে থাকা রেশমির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। তার মাথায় আটকে থাকা গুলিটি বের করা যায়নি। গুলিটি রেশমির বাঁ চোখ দিয়ে ঢুকে মস্তিষ্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল অংশ ছেদ করে মাথার পেছনের অংশে আটকে ছিল। সংকটাপন্ন অবস্থায় আজ সকালে রেশমি আইসিইউতে মারা যায়। 

রেশমি চতুর্থ শ্রেণির ছাত্রী। ঘটনার দিন রাত ৯টা ১০ মিনিটের দিকে তার মা সখিনা বেগম তাকে পাশের দোকান থেকে পান আনতে পাঠান। রৌফাবাদ বিহারি কলোনির গলিতে তখন মুখে মাস্ক পরা একদল দুর্বৃত্ত হাসান রাজু (২৪) নামে এক যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ছিল। ছোট রেশমি কিছু বুঝে ওঠার আগেই একটি লক্ষ্যভ্রষ্ট গুলি তার বাঁ চোখ ভেদ করে মাথার ভেতরে ঢুকে যায়।

রেশমির বাবা রিয়াজ আহমেদ পেশায় একজন সবজি বিক্রেতা।