মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, ৩ বাংলাদেশি নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। আজ রোববার দুপুর ১টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্টের ৪২ নম্বর পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– অক্যমং তংচংগ্যা (৪০), চিক্ষ্যং চাকমা (৩৪) এবং চোপোচিং চাকমা (৩২)। তারা সবাই ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বালুক্যা পাড়ার বাসিন্দা। তুমব্রু নোম্যান্সল্যান্ডের ৪২ নম্বর পিলার সংলগ্ন এলাকায় কলাবাগানে কাজ করতে যান ওই তিন ব্যক্তি।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ঘটনাস্থলে একটি কলা বাগানে কাজ করতে গিয়েছিলেন ওই তিন ব্যক্তি। সীমান্ত এলাকায় মিয়ানমারের পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে প্রথমে নিহত হন অক্যমং তংচঙ্গ্যা। পরে তাকে উদ্ধার করতে গিয়ে মাইন বিস্ফোরণে প্রাণ হারান বাকি দুজন। 

নাইক্ষ্যংছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান জানান, মাইন বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছে এমন খবর পেয়েছেন তিনি। পুলিশ ও বিজিবি বিষয়টি দেখছে।