ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক কারবারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে মো. রায়হান (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ছাড়া অন্তত ১৫ জন আহত হয়েছে।
গতকাল শুক্রবার রাতে উপজেলার সৈয়দটুলা উত্তরপাড়া গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত রায়হান উত্তরপাড়া এলাকার ছুটুন মিয়ার ছেলে। পুলিশ তাঁর মরদহে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। তবে এ ঘটনায় মামলা হয়নি।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১০টার দিকে উত্তরপাড়া এলাকার সজীব মিয়া স্থানীয় এক যুবককে ইয়াবা কিনে আনার জন্য ৩০০ টাকা দেয়। কিন্তু ওই যুবক তা না করে টাকা দিয়ে বিস্কিট কিনে খেয়ে ফেলে। এ নিয়ে সজীব মিয়া ক্ষুব্ধ হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রুপ নেয়। রাত সাড়ে ১২টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। রাতের আঁধারে টর্চ লাইটের আলো জ্বালিয়ে ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে রায়হান গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সরাইল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুঁইযা জানান, মাদক সংক্রান্ত বিষয়ের জের ধরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি শান্ত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।