নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পথরোধ করে এক যুবককে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাতে শরীফপুর ইউনিয়নের পাকমুন্সিরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম জোবায়ের হোসেন রাকিব (২৩)। ওই ইউনিয়নের খানপুর গ্রামের সৌদি প্রবাসী মো. হানিফের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাকিব ঢাকা ও নোয়াখালীর বিভিন্ন শপিংমলে চাকরি করতেন। ৩/৪ দিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাকিবের চাচাতো ভাইয়ের ছেলের সঙ্গে স্থানীয় এক দোকানদারের কথা-কাটাকাটি হয়। শনিবার রাতে বিষয়টি স্থানীয়ভাবে নিষ্পত্তির জন্য পাকমুন্সিরহাট বাজারে উভয় পক্ষের লোকজন জড়ো হন। এ সময় রাকিব সেখানে ছিলেন। পরে তিনি তার ছোট ভাই রিমনকে সঙ্গে নিয়ে বাড়িতে যাওয়ার সময় অন্ধকার স্থানে দুর্বৃত্তরা তার পথরোধ করে হামলা চালায়। তারা লোহার রড দিয়ে রাকিবের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ঘটনায় জড়িতদের নাম-পরিচয় জানা যায়নি। হত্যার কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।