ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। আজ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার বৈশামুড়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজন পুরুষ, একজন নারী ও একজন শিশু রয়েছে। এদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন-সরাইল উপজেলার শাহবাজুরের আরস আলী মুন্সি (৭০) ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌসুমি দাস (৩০)।
বিষয়টি নিশ্চিত করেছেন সরাইলের খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, হবিগঞ্জের মাধবপুর বাস স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে ‘দিগন্ত পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মেড্ডা বাস স্ট্যান্ডে আসছিল। পথিমধ্যে বৈশ্বামোড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপ দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের চার যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন আরও অন্তত ১০ জন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।