চাঁদপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক, ভাবী আটক

চাঁদপুরের কচুয়ায় স্বামীর বিরুদ্ধে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার পাথৈর ইউনিয়নের হাটমুড়া গ্রামের প্রধানীয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মরিয়ম আক্তার (৩২)। ১৮ বছর আগে অভিযুক্ত আলমগীর হোসেনের সঙ্গে বিয়ে হয় তার। 

নিহেতর পরিবার বলছে, দুই বছর ধরে আলমগীর তার প্রবাসী চাচাতো ভাইয়ের স্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়ান। এ নিয়ে বিরোধের জেরে বৃহস্পতিবার আলমগীর স্ত্রীকে বেধড়ক মারধর করেন। জ্ঞান হারালে সাচারের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকায় নেওয়ার পথে মরিয়ম মারা যান।

ঘটনার পর আলমগীর পলাতক। বিক্ষুব্ধ জনতা তার কথিত প্রেমিকাকে আটক করে পুলিশে দিয়েছে। নিহতের ননদ সায়েরা জানান, আগেও কয়েকবার মারধরের ঘটনায় সালিশ হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।