চট্টগ্রামের পতেঙ্গায় বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ, বিয়ার ও সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাব্বির আলম সুজন জানান, খবর পেয়ে সোমবার দিবাগত রাত ২টায় চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন চরপাড়া ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। অভিযান চলাকালীন ওই এলাকায় তল্লাশি চালিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে খালাসকৃত প্রায় ৫৩ লাখ ৬১ হাজার টাকা মূল্যের ১ হাজার ৭৬৫ ক্যান বিদেশি বিয়ার, ৭৪ বোতল ভদকা, ৮৮ বোতল হুইস্কি ও ৪ হাজার ৮০০ শলাকা বিদেশি সিগারেট জব্দ করা হয়। এসময় মাদক কারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
জব্দকৃত মাদকদ্রব্য ও সিগারেটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।