মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরে বিমান হামলায় বিকট শব্দে কেঁপে উঠেছে বাংলাদেশ সীমান্ত এলাকা টেকনাফ। গতকাল বুধবার রাতে ভয়াবহ শব্দ শোনা গেছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়রা জানান, টেকনাফের হোয়াইক্যং, হ্নীলা, টেকনাফ সদর ও সাবরাংসহ বেশ কয়েকটি এলাকায় বিকট শব্দ শোনা যায়। ওপার থেকে আসা তীব্র বিস্ফোরণের শব্দে এপার সীমান্তের বাসিন্দাদের মাঝে অনেকটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরে রাতে আরাকান আর্মির ক্যাম্পে বিমান হামলা চালিয়েছে দেশটির সরকারি বাহিনী। আরাকান আর্মিও সমতল থেকে গুলি ছুড়ে পাল্টা জবাব দিচ্ছে।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম অনীক চৌধুরী বলেন, ওপার থেকে ভেসে আসা বিকট বিস্ফোরণের শব্দ মিয়ানমারের মংডু ও বুচিডং এলাকায় বিমান হামলা চলছে বলে জানা গেছে। বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) ও কোস্ট গার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তবে এ নিয়ে সীমান্ত এলাকার জনসাধারণের ভয়ের কোনো কারণ নেই বলে জানান ইউএনও।
এদিকে পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সদস্যরা সীমান্তে অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। নাফ নদীতে কোস্টগার্ড ও নৌ বাহিনীর নিয়মিত টহল রয়েছে।
২০২৩ সালে ডিসেম্বর মাসে রাখাইন রাজ্য থেকে মিয়ানমারের সরকারি বাহিনীকে বিতাড়িত করে মংডু, বুচিডং ও রাচিডং এলাকা দখলে নেয় আরাকান আর্মি। এরপর থেকে দেশটিতে উত্তেজনা বিরাজ করছে।