কক্সবাজারে পাহাড়ধস, মাটিচাপা পড়ে নারী নিহত 

কক্সবাজারের দরিয়ানগর বড়ছড়া এলাকায় পাহাড়ধসে মাটিচাপায় নাসিমা আকতার নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছে নিহতের স্বামী জসিম উদ্দিন। মঙ্গলবার দুপুর ২টায় বড়ছড়া এলাকায় এই দুর্ঘটনা হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুপুরে হঠাৎ পাহাড় ধস হলে স্থানীয় লোকজন মাটির নিচ থেকে নাসিমা আকতার এবং তার স্বামী জসিম উদ্দিনকে উদ্ধার করে। নাসিমা মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। 

অপরদিকে তার স্বামী জসিম উদ্দিনকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

কক্সবাজার জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান জানান, বড়ছড়া এলাকায় পাহাড়ে ঝুকিপূর্ণভাবে বসবাসকারীদের অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য বন বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। 

এদিকে এই এলাকায় অন্তত তিন শতাধিক পরিবার পাহাড় ঝুঁকিতে রয়েছে বলে জানান স্থানীয়রা। 

গেল দুই দিনে কক্সবাজারে পাহাড় ধসে ১০ জনের মৃত্যু হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসের ঘটনায় মারা গেছে ৮ জন। কক্সবাজার পৌরসভা এবং ঝিলংজার বড়ছড়া এলাকায় এক জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় দুইদিনে অন্তত ১৬ জন আহত হয়েছে।