কুমিল্লায় আর্জেন্টিনা–মিশরের ফুটবল ম্যাচ চলাকালে খেলা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মারধরে মো. শরিফুল ইসলাম (৩২) নামের এক মিশুক চালক নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন উত্তর দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. শরিফুল ইসলাম নীলফামারী জেলার জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা এলাকার মো. মতিউর রহমানের ছেলে। তিনি পেশায় একজন মিশুক চালক।
ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই সংকর কান্তি দাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার রাতে আর্জেন্টিনা–মিশরের ফুটবল ম্যাচ চলাকালে আর্জেন্টিনা প্রথম গোল করার পর শরিফুল ইসলামকে কয়েকজন কটাক্ষ ও ট্রল করতে থাকেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কয়েকজন শরিফুলের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়েছে। ফুটবল খেলা নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে এক যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।