কক্সবাজারে পাহাড়ধসে মাটিচাপা পড়েছে মাদরাসা, ৪ শিক্ষার্থী নিহত 

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে মাটিচাপা পড়ে একটি মাদরাসার ৪ নারী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ৬ শিক্ষার্থী আহত হয়েছে। 

বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকে এ দুর্ঘটনা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ফায়ারসার্ভিস ও স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা। 

তিনি জানান, পাহাড়ি ঢালুর নিচে হওয়ায় মাদরাসাটির ওপর ভারী বর্ষণের ফলে পাহাড়ের ঢাল ভেঙ্গে পড়ে। এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করার পাশাপাশি ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের দাবি আরও একাধিক শিক্ষার্থী মাটিচাপা পড়া অবস্থায় থাকতে পারে। 

এদিকে, হতাহতদের উদ্ধারে ফায়ারসার্ভিসের ২টি ইউনিট কাজ করছে।