আগামীকাল বৃহস্পতিবার রাঙামাটি জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারী বৃষ্টি ও পাহাড় ধসের কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বুধবার সন্ধ্যায় এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙামাটি পার্বত্য জেলায় চলমান ভারী বর্ষণ এবং প্রতিকূল আবহাওয়া পরিস্থিতির কারণে জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে বুধবারের এইচএসসি ও সমমানের ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ। দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে সার্বিক বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে টানা চতুর্থ দিনের মতো রাঙ্গামাটিতে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। অবিরাম বৃষ্টিতে পাহাড়ধসের আশঙ্কা আরও বেড়ে যাওয়ায় জেলা প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিচ্ছে। একই সঙ্গে প্রবল বর্ষণে জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও প্লাবনের সৃষ্টি হয়েছে। ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। চট্টগ্রাম-রাঙামাটি সড়কে যাত্রীবাহী যান চলাচল বন্ধ রয়েছে।