লক্ষ্মীপুরে পাখি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই বাবু হোসেনের (১১) ছুরিকাঘাতে বড় ভাই আল আমিন (১৪) নিহত হয়েছে। বুধবার বিকেলে সদর উপজেলার দিলসাদপুর এলাকায় এ ঘটনা হয়।
নিহত আল আমিন রিকসা চালক জাফর আহমদের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বিকেলে সদর উপজেলার দিলসাদপুর এলাকায় পাখি নিয়ে বাবু হোসেন ও আল আমিন খেলাধুলা করছিল। হঠাৎ পাখি নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়।
এর জের ধরে ছোট ভাই বাবু হোসেন ঘর থেকে একটি ছুরি নিয়ে বড় ভাই আল আমিনকে ছুরিকাঘাত করে। এতে আল আমিন গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতাল,পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আল আমিনকে ঢাকায় পাঠানো হয়। সন্ধ্যার কিছুক্ষণ আগে ঢাকা নেওয়ার পথে মারা যায় আল আমিন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত আল আমিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি জড়িতদের ধরতে অভিযান চলছে। আসলে কী কারণে এমন ঘটনা সেটা তদন্ত করে বের করা হবে।