টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের তীব্র স্রোতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে একটি কালভার্ট ভেঙে গেছে। এতে সেখানকার হাজারো বাসিন্দার চলাচল ব্যাহত হচ্ছে।
বৃহস্পতিবার ভোরে উপজেলার বাইশারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের থুইহ্লা অং পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এরপর অন্তত দেড় হাজার থেকে দুই হাজার বাসিন্দা ভোগান্তিতে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, থুইহ্লা অং পাড়া থেকে করলিয়ামুরা বাজারগামী সড়কের গর্জন খালের ওপর নির্মিত প্রায় ২০ মিটার দৈর্ঘ্যের কালভার্টটি ভারী বর্ষণ ও খালের প্রবল পানির স্রোতে ভেঙে যায়।
কালভার্টটি ভেঙে পড়ায় থুইহ্লা অং পাড়া ও আশপাশের এলাকার বাসিন্দাদের বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং জরুরি প্রয়োজনে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়রা দ্রুত বিকল্প চলাচলের ব্যবস্থা ও ক্ষতিগ্রস্ত কালভার্টটি পুনর্নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেছেন।
এদিকে দুর্যোগ মোকাবিলায় উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট ৪২টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে ৯টি, বাইশারীতে ৯টি, ঘুমধুমে ৮টি, দৌছড়িতে ৮টি এবং সোনাইছড়ি ইউনিয়নে ৮টি আশ্রয় কেন্দ্র রাখা হয়েছে।