হাতিয়ায় মেঘনার চরে যাত্রী নিয়ে আটকা পড়েছে ফেরি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যান ঘাট-নলচিরা ঘাট চলাচলকারী ফেরি মহানন্দা যাত্রী ও যানবাহন নিয়ে মেঘনা নদীর চরে আটকা পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাট যাওয়ার পথে আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে ফেরিটি মেঘনা নদীর চরে আটকে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ফেরিটির মাস্টার মো. করিম। ফেরিটিতে আড়াই শতাধিক ও পণ্যবাহী ১৬টি যানবাহন আছে বলে জানান তিনি।

যাত্রীদের অভিযোগ, ফেরিটি সকাল সাড়ে ৬টায় চেয়ারম্যান ঘাট থেকে ছাড়ার কথা থাকলেও এক ঘণ্টার বেশি বিলম্বে ছাড়া হয়। এর কারণে জোয়ারের অভাবে ফেরি আটকে তারা ভোগান্তিতে পড়েছেন।

হাতিয়ার চেয়ারম্যান ঘাটের মৎস্য ব্যবসায়ী আকবর হোসেন বলেন, নদীতে নাব্যতা সংকট এবং সময় মতো ফেরি না ছাড়ার কারণে এমন পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে যাত্রীদের। অনেকের কোর্টে হাজিরা আছে, অনেকের অফিস আছে, কেউ চিকিৎসার জন্য রোগী নিয়ে যাচ্ছেন। সবাই সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়েছেন। বাধ্য হয়ে কেউ কেউ কাঠের নৌকায় গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন।

দীর্ঘ সময়ে ফেরীতে আটকে থেকে চরম ভোগান্তিতে রয়েছেন যাত্রীরা। ছবি: সংগৃহীততবে, নারী, শিশু, বয়স্ক ও রোগীদের ভোগান্তির শেষ নেই। দ্রুত ভালোভাবে নদী ড্রেজিং না করলে বর্ষার পর এ ধরণের পরিস্থিতি আরো বেশি হবে জানান ভোগান্তির শিকার যাত্রীরা।

এদিকে মাস্টার মো. করিমের দাবি, ঘাটে নাব্য সংকট সংকটসহ নানা কারণে ফেরি ছাড়তে মিনিট দশেক দেরি হয়েছে। ৭টা ৪০মিনিটের দিকে ভাটার শেষ দিকে ছাড়ায় এ সমস্যায় পড়তে হয়েছে।

ফেরির উদ্ধার নিয়ে তিনি বলেন, আসলে এখন কিছু করার নাই। জোয়ার আসলে তখন ফেরি ছাড়া যাবে।