সৌদিতে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই ভাই নিহত

সৌদি আরবের রিয়াদ শহরে এক সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দুই সহোদর ভাই নিহত হয়েছেন। নিহতরা হচ্ছে ফয়েজ আহমেদ সজীব ও ফরহাদ হোসেন সুজন। তারা চন্দ্রগঞ্জ ইউনিয়নের গণিপুর খলিফার বাড়ি এলাকার কামারহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেকের ছেলে। 

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নিহতের বাবা আবদুল মালেকসহ স্বজনরা। চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা বলেন, ‘ঘটনাটি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।’
 
পুলিশ ও স্বজনরা জানায়, বুধবার ভোররাতে সৌদি আরবের রিয়াদ শহরে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল নিয়ে ফিরছিলেন সজিব ও সুজন দুই ভাই। এসময় তাদের বহনকারী গাড়িটিকে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির গাড়ি ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে দুই ভাই গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। দুই ভাইয়ের মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর পরিবার ও আত্মীয় স্বজনসহ চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট বাজারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। 

স্থানীয় বাসিন্দারা জানান, সজীব ও সুজন ছিলেন ভদ্র, পরিশ্রমী ও সবার কাছে অত্যন্ত প্রিয় মানুষ। জীবিকার তাগিদে তারা দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। পাশাপাশি দুই ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা আবদুল মালেকসহ পরিবারের সদস্যরা।
 
নিহতের বাবা আবদুল মালেক বলেন, ‘দুই ছেলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।’

তিনি বলেন, ‘বুধবার ভোররাতে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর হয়। সংবাদটি বুধবার সন্ধ্যার দিকে পরিবারের কাছে পৌঁছায়। সুখের আশায় দুই ছেলেকে বিদেশে পাঠিয়েছি। এখন কী হবে? সে দুঃচিন্তায় রয়েছি।’