কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্টের ডি/৫ ব্লকের কাছের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বিবি হাফসা ওই ক্যাম্পের ডি/৫ ব্লকের বাসিন্দা ছমি উল্লাহর মেয়ে। আহত শিশু আব্দুল মজিদ একই ব্লকের বাসিন্দা নুর ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলে বৃষ্টির সময় পাহাড়ের ঢালে থাকা একটি শেল্টারের ওপর হঠাৎ মাটি ধসে পড়ে। এতে শেল্টারটি মাটির নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই বিবি হাফসার মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ‘সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ভূমিধসের আশঙ্কা বেড়েছে। এ কারণে ঝুঁকিপূর্ণ শেল্টারে বসবাসরত রোহিঙ্গাদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন হলে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।’
এ বছর উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে একাধিক পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে।