‘প্রধানমন্ত্রী বাংলাদেশকে উন্নত রাষ্ট্র বানাতে নিরলসভাবে চেষ্টা করছেন’

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য নিরলসভাবে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন বলে মন্তব্য করছেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নান। মঙ্গলবার (২১ জুলাই) নাসিরনগরের ভলাকুট ক্ষেত্রনাথ বিশ্বাস (কে. বি.) উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। 

ভলাকুট ক্ষেত্রনাথ বিশ্বাস (কে. বি.) উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সংসদ সদস্য এম এ হান্নান প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. আজিজুর রহমান চৌধুরী।   

প্রধান অতিথির বক্তব্যে এম এ হান্নান এমপি বলেন, ‘বিএনপি সরকার গঠন করেছে মাত্র পাঁচ মাস চলছে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য নিরলসভাবে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। আমরাও এখানে নির্বাচনের সময় নাসিরনগরকে একটি উন্নত উপজেলা করার অঙ্গীকার করেছি নাসিরনগরবাসীর কাছে। আপনাদের সকলের সহযোগিতায় নাসিরনগরকে শিক্ষা, সংস্কৃতি ও অর্থনীতিতে একটি উন্নত নাসিরনগর হিসেবে গড়ে তুলব, ইনশাআল্লাহ।’

সংসদ সদস্য এম এ হান্নানকে শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেওয়া হচ্ছে। ছবি: ইনডিপেনডেন্ট

এসময় সংসদ সদস্য ভলাকুট ক্ষেত্রনাথ বিশ্বাস (কে.বি.) উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মানুবর্তীতা ও আচার-আচরণের প্রশংসা করে বিদ্যালয়টিকে উপজেলার অন্যান্য বিদ্যালয়ের জন্য অনুকরণীয় বলে উল্লেখ করেন। তিনি চলতি বছর ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান তথা সেরা প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় ভলাকুট ক্ষেত্রনাথ বিশ্বাস (কে.বি.) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. আতাউর রহমান গিলমানকে অভিনন্দন জানান। এছাড়া তিনি বিদ্যালয়টির পেছনের প্রতিরক্ষা দেয়াল নির্মাণ, নতুন শহীদ মিনার নির্মাণ ও স্কাউট দলের জন্য স্থায়ী তাবুসহ অন্যান্য সরঞ্জাম কেনার জন্য মোট ১০ লাখ টাকার অনুদানের ঘোষণা করেন।  

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. তৌহিদুল ইসালামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক খান মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক কাজী মো. আতাউর রহমান গিলমান। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে ৮ম শ্রেণির ছাত্রী সাউদা ইসলাম।

বিশেষ অতিথিরা ছাড়াও অভিভাবক ও এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভলাকুট ইউনিয়ন শাখার সভাপতি ও ভলাকুট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. বরকত উল্লাহ, ভলাকুট ক্ষেত্রনাথ বিশ্বাস (কে. বি.) উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী লেখক ও সাংবাদিক সোহরাব শান্ত প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী, চাতলপার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আমিনুল হক তালুকদার, নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, শাখাওয়াত হোসেনসহ বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক অভিভাবক ও শিক্ষার্থী। 

নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরীনকে ফুলেল শুভেচ্ছা জানানো হচ্ছে। ছবি: ইনডিপেনডেন্ট

এর আগে, প্রধান অতিথি এম এ হান্নান এমপি-কে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে স্বাগত জানান যথাক্রমে ভলাকুট ক্ষেত্রনাথ বিশ্বাস (কে.বি.) উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটিরি সভাপতি ও ভলাকুট ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মো. তৌহিদুল ইসলাম, ভলাকুট ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বরকত উল্লাহ এবং ভলাকুট ক্ষেত্রনাথ বিশ্বাস (কে.বি.) উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম। ইউএনও শাহীনা নাছরীনকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করেন যথাক্রমে ভলাকুট ক্ষেত্রনাথ বিশ্বাস (কে.বি.) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. আতাউর রহমান গিলমান ও অ্যাডহক কমিটি সভাপতি মো. তৌহিদুল ইসলাম।