চট্টগ্রামে নালায় মিলল বস্তায় ভরা বুলেট 

চট্টগ্রামের বায়েজিদের শেরশাহ বাংলা বাজার এলাকায় নালা পরিষ্কারের সময় বস্তায় ভরা ১ হাজার ৩৫০ রাউন্ড বুলেট উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ২টার দিকে নালা পরিস্কারের সময় এসব বুলেট দেখে পুলিশে খবর দেয় সিটি কর্পোরেশনের পরিছন্নকর্মীরা। 

পরে পুলিশ গিয়ে এগুলো উদ্ধার করে। 

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ মোস্তফা কামাল জানান, চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নালা পরিষ্কার করার সময় একটি বস্তায় বুলেট দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি বুলেটগুলো জব্দ করে। 

উদ্ধার হওয়া বুলেটের মধ্যে ১২০টি বড় আকারের এবং ১ হাজার ২৩০টি ছোট আকারের। সব মিলিয়ে বুলেটগুলোর ওজন প্রায় ১৬ কেজি। উদ্ধার হওয়া বুলেটগুলো কোন অস্ত্রের সেটি পরীক্ষা করে দেখা হচ্ছে। 

পাশাপাশি কে বা কারা কী উদ্দেশ্যে এসব বুলেট নালায় ফেলে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি। 

এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে পুলিশ।