কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে মো. জুবায়ের (৩৪) নামের এক যুবক নিহত হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/২৯ ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জুবায়ের ক্যাম্পের এইচ/২৯ ব্লকের বাসিন্দা রহমত উল্লাহর ছেলে। জানা গেছে, জুবায়ের রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরসার সদস্য ছিলেন। তবে এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে ১৪ এপিবিএন এর অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমিন জানান, জুবায়ের নিজ বসতঘর থেকে মসজিদের দিকে যাওয়ার সময় প্রতিবেশী ইব্রাহিমের ঘরের সামনে পৌঁছালে একদল সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। প্রায় পাঁচ রাউন্ড গুলি করে সন্ত্রাসীরা দ্রুত সটকে পড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে জুবায়ের মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ক্যাম্পের এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়া হলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরসা ও আরএসও এর অভ্যন্তরীণ বিরোধ ও দ্বন্দ্বে বেশ কিছুদিন ধরেই ক্যাম্প এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। সেই জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এই ঘটনার সাথে জড়িত অজ্ঞাত সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য ক্যাম্পে অভিয়ান চালাচ্ছে বলেও জানান এপিবিএন কর্মকর্তা।