বান্দরবানের রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে বগালেক সড়কের পাহাড়ি খাদ থেকে মো. জামির উদ্দিন ও রোকাইয়া আক্তার নামে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জামির উদ্দিন ভোলার বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা। আর রোকাইয়া আক্তার ঢাকার লালবাগ থানার মো. চুন্নু গাজীর মেয়ে।
পুলিশ জানায়, বুধবার রাতে ১০ জন পর্যটক ঢাকা থেকে বান্দরবানের রুমা পৌঁছান। বৃহস্পতিবার দুপুরে তারা বগালেক এলাকার একটি কটেজে ওঠেন। বিকেল সাড়ে ৫টার দিকে বগালেক ভিউ পয়েন্টে ঘুরতে যান। সেখানে ছবি তোলা শেষে আটজন ফিরে এলেও জামির উদ্দিন ও রোকাইয়া গাইডের নিষেধাজ্ঞা অমান্য করে ভিউ পয়েন্ট অতিক্রম করে সামনের দিকে চলে যান। পরে খোঁজাখুঁজির পর রাতে বগালেক সড়ক থেকে মরদেহ উদ্ধার করা হয়।