ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী–শিক্ষার্থীদের ওপর বাস উঠে গিয়ে ফাতেমা আক্তার সুরাইয়া (১২) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সিলোনিয়া বাজার এলাকায় ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা হয়।
এ ঘটনায় আরও অন্তত ৭-৮ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে রাইসা আক্তার (১৪) মাইনুদ্দিনের মেয়ে এবং নুসরাত জাহান (১২) নূরনবীর মেয়ে। তারা উভয়ে দাগনভূঞা থানার আলমপুর গ্রামের বাসিন্দা। অন্যান্যদের পরিচয় মেলেনি। তাদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলোনিয়া হাই স্কুলের কয়েকজন শিক্ষার্থী সড়কের পাশে দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে পাঠায়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থী ও জনতা বাসটিকে ভাংচুর করে। এ ঘটনায় দীর্ঘ যানজট তৈরি হয়। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়।
মহিপাল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কবীর আহম্মেদ জানান, আনুমানিক বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে দাগনভূঞা থানার সিলোনিয়া বাজার এলাকায় ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিলোনিয়া হাইস্কুলের শিক্ষার্থীদের ওপর উঠে যায়। এতে ফেনীর দাগনভূঞা থানার চান পুর গ্রামের মোহাম্মদ হানিফের মেয়ে ফাতেমা আক্তার সুরাইয়া ঘটনাস্থলেই নিহত হয়।
এ ঘটনায় দাগনভুঞা থানার আলমপুর গ্রামের মাইনুদ্দিনের কন্যা রাইসা আক্তার এবং নূরনবীর মেয়ে নুসরাত জাহান গুরুতর আহত হয়েছে। অন্যান্যদের পরিচয় মেলেনি। তাদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
এসআই আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি বর্তমানে সিলোনিয়া হাই স্কুল মাঠে রাখা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল কিছু সময় ব্যাহত হলেও বর্তমানে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।