বঙ্গোপসাগর থেকে আটক হওয়া ২৪ জন জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। তাদের মধ্যে ১৮ জন বাংলাদেশি নাগরিক ও ছয়জন রোহিঙ্গা।
বুধবার বিকেলে নাফ নদীর শূন্যরেখা থেকে এসব জেলেকে গ্রহণ করে টেকনাফ জেটিঘাটে নিয়ে আসে বিজিবির একটি প্রতিনিধিদল।
টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া, ২০২৫ ও ২০২৬ সালের বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে অসাবধানতাবশত বাংলাদেশের সীমানা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করে এই জেলেরা। সে সময় আরাকান আর্মি তাদের আটক করে নিজেদের নিয়ন্ত্রিত এলাকা ও বিভিন্ন কারাগারে বন্দি করে রাখে। উদ্ভুত পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনা করে বিজিবি তাদের উদ্ধারে কার্যকর কূটনৈতিক ও সীমান্ত পর্যায়ের যোগাযোগ অব্যাহত রাখে। সেই ধারাবাহিকতায় নাফ নদীর শূন্যলাইনে দুপক্ষের সমন্বয়ে এসব জেলেদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
ফিরিয়া আনা জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান বিজিবি অধিনায়ক।