ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে রাখা এক গ্রাহকের ৭ লাখ ৮০ হাজার টাকা চুরি হয়েছে। সোমবার সকালে সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া করপোরেট শাখায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যাংকের গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শী ও ব্যাংক সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে এক গ্রাহক ৭ লাখ ৮০ হাজার টাকা জমা দিতে ব্যাংকে আসেন। তিনি টাকার ব্যাগটি ক্যাশ কাউন্টারের সামনে রেখে পাশের টেবিলে বসে জমা দেওয়ার ভাউচার লিখছিলেন। এ সময় চোর চক্রের এক সদস্য কৌশলে কাউন্টারের সামনে থেকে টাকার ব্যাগটি নিয়ে ব্যাংক থেকে বেরিয়ে যায়।
সূত্র জানায়, গ্রাহকের বেশে চোর চক্রের কয়েকজন সদস্য ব্যাংকে প্রবেশ করেছিল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া করপোরেট শাখার প্রধান মো. শরীফুল হক জানান, গ্রাহক টাকার ব্যাগটি কাউন্টারের সামনে রেখে ভাউচার লিখছিলেন। এ সময় টাকার দিকে নজর না থাকায় চোর কৌশলে ব্যাগটি নিয়ে ব্যাংক থেকে বেরিয়ে যায়। গ্রাহকের অসাবধানতার কারণেই অনাকাঙ্ক্ষিত এ ঘটনা ঘটেছে বলে তিনি জানান।
তিনি আরও জানান, ব্যাংকের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ চোরকে শনাক্তের চেষ্টা করছে।