কক্সবাজারে ঢেউয়ের তোড়ে বিদেশি পর্যটকবাহী ট্রলারডুবি, নিখোঁজ কিশোর

কক্সবাজার সমুদ্রসৈকতের নাজিরারটেক পয়েন্টে প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে বিদেশি পর্যটকবাহী একটি ট্রলার ভেঙে ডুবে গেছে। এ ঘটনায় নিউজিল্যান্ডের একই পরিবারের তিন পর্যটককে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে জং নামের ১৬ বছর বয়সী এক কিশোর এখনো নিখোঁজ রয়েছে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা দোলন আচার্য জানান, নিউজিল্যান্ড থেকে আসা একই পরিবারের চার পর্যটক একটি ট্রলারে করে কক্সবাজারে ঘুরতে এসেছিলেন। কয়েক দিন ধরে তারা সমুদ্র উপকূলের কাছাকাছি অবস্থান করছিলেন।

মঙ্গলবার সকালে হঠাৎ সাগরে প্রচণ্ড ঢেউ ওঠে। ঢেউয়ের তোড়ে ট্রলারটি ভেঙে গেলে চার পর্যটকই পানিতে পড়ে যান। পরে স্থানীয় জেলেরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনজনকে জীবিত উদ্ধার করেন। তবে তাদের সঙ্গে থাকা ১৬ বছর বয়সী কিশোর জং এখনো নিখোঁজ রয়েছে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া তিন পর্যটককে কক্সবাজারের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিখোঁজ কিশোর জংয়ের সন্ধানে নাজিরারটেক পয়েন্টে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের একটি দল। ঘটনাস্থলে কোস্টগার্ড ও পুলিশ সদস্যরাও রয়েছেন।

কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ট্রলারডুবির কারণ খতিয়ে দেখা হচ্ছে।