জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও কাওমী ছাত্রঐক্য পরিষদের কর্মসূচিকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমির সামনে ও আশপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। তালা ঝুলছে শিল্পকলার গেইটে।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আজ শনিবার বিকেল ৪টায় এনসিপির সাংগঠনিক সভা করার কর্মসূচি দেওয়া ছিল আগে থেকেই। এরমধ্যে সংসদে হাসনাত আবদুল্লাহ এমপির বক্তব্যকে কেন্দ্র করে শুক্রবার রাতে শহরে কাওমী ছাত্রঐক্য পরিষদ বিক্ষোভ করে। তারা আজ বিকেল ৩ টায় শিল্পকলায় কোরআন তেলাওয়াত, হামদ-নাত ও ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান করার ঘোষণা দেয়।
এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ জানান, সংসদে বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করায় একটি পক্ষ তাদের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে। অন্যদিকে এনসিপি ছোটখাট একটি প্রোগ্রাম করার কথা বলে শিল্পকলা একাডেমির মিলনায়তন ভাড়া নেয়। এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এখানে দলীয় প্রোগ্রাম করার সুযোগ নেই।
শুক্রবার গভীর রাতে এনসিপি বয়কট, এই স্লোগানে মিছিল-সমাবেশ করে মাদ্রাসা ছাত্ররা। তাতে আজ ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করতে না দেওয়ারও হুঁশিয়ারি দেয়। পরে শিল্পকলায় পাল্টা কর্মসূচি দেওয়া হয়। জাতীয় সংসদে হাসনাত আব্দুল্লাহর দেওয়া বক্তব্যের প্রতিবাদে কওমি ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে এই মিছিল–সমাবেশ হয়। শুক্রবার দিনগত রাত পৌনে ১২টার দিকে শহরের কান্দিপাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা সংসদে ব্রাহ্মণবাড়িয়ার সাম্প্রতিক ঘটনা নিয়ে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের সমালোচনা করে তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তার বক্তব্যের জন্য ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। অন্যথায় আজ বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বনির্ধারিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা কর্মসূচি পালন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার হাসনাত আব্দুল্লাহ এমপি সংসদে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় কার্যকর ব্যবস্থা নিতে না পারায় সরকারে ব্যর্থতার বিষয়ে সমালোচনা করেন।