ইয়াবাসহ আটক যুবককে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এলাকাবাসীর সঙ্গে স্বজনদের হাতাহাতি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক যুবককে ইয়াবাসহ আটকের পর তার স্বজনেরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ওই যুবকের স্বজনদের সঙ্গে এলাকাবাসীর হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

রোববার রাতে চর হাজারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম।

ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ৫২ ইয়াবাসহ ওই যুবককে নিজেদের হেফাতে নেয় পুলিশ। আটক মো. পিয়াস (৩৫) চর হাজারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবুল হাশেমের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। আজ সোমবার তাকে আদালতে পাঠানো হবে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত ১০টার দিকে ওই এলাকার বিদ্যুৎ অফিসের সামনে এলাকার চিহ্নিত মাদককারবারী পিয়াস ও রাজু নামের দুই যুবকের গতিবিধি দেখে সন্দেহ হলে স্থানীয় লোকজন তাদেরকে ধাওয়া করে। এ সময় রাজু পালিয়ে যেতে সক্ষম হলেও পিয়াসকে আটক করে লোকজন।

পরে স্থানীয় রহমতের দোকানে তার দেহ তল্লাশি করে ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পিয়াসকে জিজ্ঞাসাবাদ করে তার সহযোগীদের নাম বের করার চেষ্টা করে লোকজন।

খবর পেয়ে তার পরিবারের সদস্যরা এসে অতর্কিতে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজনের সঙ্গে তাদের হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, খবর পেয়ে রাত ১১টার দিকে কোম্পানীগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিয়াসকে তাদের হেফাজতে নেয়। এ সময় তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা রয়েছে। এছাড়া পালিয়ে যাওয়ার রাজুর বিরুদ্ধে একই থানায় ৫টি মামলা রয়েছে।

এ ঘটনায় রাতে এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে পিয়াসের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওসি।