মাতারবাড়ীতে বাড়ল জাহাজের বার্থিং সীমা, ভিড়তে পারবে ২৩০ মিটার দীর্ঘ জাহাজ

কক্সবাজারের মাতারবাড়ীতে জাহাজের বার্থিং সীমা বাড়িয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এখন থেকে ২৩০ মিটার দীর্ঘ ও ১২ দশমিক ৫ মিটার গভীরতার জাহাজ ভিড়তে পারবে এই জেটিতে। এতে একসঙ্গে ৮ হাজার একক পর্যন্ত কনটেইনারবাহী জাহাজ প্রবেশের সুযোগ তৈরি হয়েছে। তবে বন্দর ব্যবহারকারীরা বলছেন, প্রকৃত সুফল পেতে বাড়াতে হবে যোগাযোগ অবকাঠামো এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য।

এতদিন মাতারবাড়ী বন্দরে সর্বোচ্চ ১১ মিটার গভীরতার জাহাজ প্রবেশ করতে পারত। সম্প্রতি চ্যানেলটি নতুন করে খননের পর, জেটিতে ভিড়তে পারবে আরও বড় জাহাজ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সচিব সৈয়দ রেফায়েত হামীম বলেন, ‘চট্টগ্রাম বন্দরে যেখানে সর্বোচ্চ ৯ দশমিক ৫ মিটার গভীরতার জাহাজ প্রবেশ করতে পারে, সেখানে মাতারবাড়ীর এই সক্ষমতা বড় জাহাজ পরিচালনার নতুন সুযোগ তৈরি করবে।’ 

বিজিএমইএ এর প্রথম সহসভাপতি সেলিম রহমান বলেন, ‘দেশের অর্থনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অবকাঠামো উন্নয়ন অব্যাহত রাখতে হবে। দক্ষিণ-পূর্ব এশিয়ার বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হতে কৌশলী ভূ-রাজনীতিও প্রয়োজন।’
 
শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক পরিচালক খায়রুল আলম সুজন বলেন, ‘মাতারবাড়ীতে আধুনিক টার্মিনাল, দ্রুত পণ্য হ্যান্ডলিং, যোগাযোগ অবকাঠামো তৈরির পাশাপাশি চ্যানেলের নাব্যতা ধরে রাখতে নিয়মিত খনন করতে হবে।’