কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে মানবপাচারের শিকার ১৩ জনকে উদ্ধার করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল।
মঙ্গলবার রাত ৮টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার নৌঘাটে অভিযান চালানো হয়। বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্র ও বাংলাদেশ কোস্টগার্ডের বাহারছড়া আউটপোস্টের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে উদ্ধার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দালালের মাধ্যমে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশে স্বেচ্ছায় ওই এলাকায় সমবেত হয়েছিলেন।
উদ্ধার হওয়া ১৩ জনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।