পটিয়ায় কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষে কক্সবাজার এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

চট্টগ্রামের পটিয়ায় ঢাকাগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। রেললাইনে একটি কাভার্ড ভ্যানের সাথে ধাক্কার পর এমন দুর্ঘটনা ঘটে। ফলে ঢাকা ও চট্টগ্রামের সাথে কক্সবাজারের রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সোমবার বিকেলে সাড়ে ৩টার দিকে পটিয়ার কমল মুন্সি হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা লাগলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কাভার্ড ভ্যান চালক ও সহকারী পালিয়ে যায়। পরে স্থানীয়দের চেষ্টায় রেললাইন থেকে কাভার্ড ভ্যান সরানো হলে, কিছুদূর চলার পর ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। 

ট্রেনটি বিকেলে চট্টগ্রাম স্টেশনে এসে এরপর ঢাকায় যাওয়ার কথা রয়েছে। ট্রেনটির লাইনচ্যুত হওয়া বগিটি সচল করতে কাজ করছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে বিকেলে কক্সবাজারমুখী কোন ট্রেনের সূচি নেই বলে স্টেশনে কোন যাত্রী ভোগান্তিও নেই।