কাপ্তাই হ্রদে দেখা মিলল ভয়ংকর জলস্তম্ভ

রাঙামাটির কাপ্তাই হ্রদে প্রকৃতির এক ভয়ংকর ও বিস্ময়কর রূপ দেখা গেছে। সোমবার বিকালে কাপ্তাই হ্রদের বালুখালীর কিল্ল্যা মুড়ো ত্রিপুরা পাড়ার দিকে হঠাৎ করেই আকাশ থেকে হ্রদের পানির ওপর নেমে আসে একটি বিশাল আকৃতির জলস্তম্ভ, যা দেখতে অবিকল টর্নেডোর মতো। 

এই বিরল ও ভীতিপ্রদ দৃশ্যটি মুহূর্তের মধ্যে স্থানীয় লোকজনের মধ্যে দারুণ আতঙ্কের সৃষ্টি করে।

হ্রদের বুকে পানি ও মেঘের এমন ঘূর্ণিপাকের রোমাঞ্চকর দৃশ্যটি নিজের ক্যামেরায় ভিডিও বন্দি করেছেন রাঙামাটির বিশিষ্ট ব্যবসায়ী মঈনউদ্দীন সেলিম।

প্রত্যক্ষদর্শীদের মতে, হঠাৎ করেই আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং হ্রদের নির্দিষ্ট একটি অংশে তীব্র ঘূর্ণি বাতাসে পানি ফুঁড়ে ওপরে উঠতে শুরু করে। কিছু সময় স্থায়ী হওয়ার পর প্রাকৃতিক এই তাণ্ডব মিলিয়ে যায়। তবে এ ঘটনায় হ্রদ পারের সাধারণ মানুষের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আবহাওয়া বিশেষজ্ঞরা একে জলস্তম্ভ হিসেবে উল্লেখ করেছেন, যা সাধারণত তীব্র মেঘমালার প্রভাবে জলাশয়ের ওপরে সৃষ্টি হয়ে থাকে।