কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে বসা নিয়ে দুই গ্রুপ শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার বিকেল ৩টার দিকে এ সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছে।
জানা গেছে, পরিচয় না থাকায় সিনিয়র–জুনিয়র বিষয় নিয়ে প্রকৌশল অনুষদের আইসিটি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে প্রত্নতত্ত্ব বিভাগ, দত্ত হল ও বিজয়-২৪ হলের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে সংঘর্ষ হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে । আহতদের মধ্যে অন্তত দুজনের মাথা ফেটেছে এবং একজনের হাত ভেঙেছে। ঘটনার পর থেকে পুরো বিশ্ববিদ্যালয়ে এলাকা জুড়ে শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
এ প্রসঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমএম শরিফুল করিম বলেন, ‘লাইব্রেরিতে বসা নিয়ে সিনিয়র–জুনিয়রদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। পরে তার সমাধানও হয়ে যায়। কিন্তু এর মধ্যে কয়েকজন আবার হলে গিয়ে উত্তেজনা তৈরি করে। আমরা এখনো পর্যন্ত জেনেছি অন্তত ১০জন আহত হয়েছে। তাদেরকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।’
উপাচার্য আরও বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক টিম সার্বক্ষণিক কাজ করছে। এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে।’